ঋতুবন্ধ মানেই জীবনের শেষ? নতুন উদ্যমে বাঁচার চাবিকাঠি এখন আপনার হাতের মুঠোয়!
সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে শরীরে ইস্ট্রোজেন হরমোনের নিঃসরণ কমে যাওয়ার ফলে নারীর জীবনে মেনোপজ বা ঋতুবন্ধ প্রক্রিয়াটি শুরু হয়। এটি একটি অনিবার্য জৈবিক প্রক্রিয়া হলেও, সঠিক সচেতনতা ও প্রস্তুতির অভাবে এই সময়ে নারীরা শারীরিক অস্বস্তির পাশাপাশি দীর্ঘমেয়াদী বিষণ্ণতায় আক্রান্ত হতে পারেন। হরমোনের ভারসাম্যহীনতা জীবনযাত্রার স্বাভাবিক ছন্দে প্রভাব ফেলায় এই সময়টি অনেক নারীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
মেনোপজ পরবর্তী জটিলতা এড়াতে সুষম খাদ্যাভ্যাস ও নিয়মানুবর্তিতা অত্যন্ত জরুরি। হাড়ের সুরক্ষায় ক্যালসিয়াম ও ভিটামিন ডি-সমৃদ্ধ দুগ্ধজাত পণ্য ও সবুজ শাকসবজি খাদ্যতালিকায় রাখা আবশ্যক। একই সঙ্গে হট ফ্ল্যাশ বা অস্বস্তি কমাতে ক্যাফেইন ও মশলাযুক্ত খাবার পরিহার করে পর্যাপ্ত জল পান করা প্রয়োজ। পাশাপাশি, মেটাবলিজম কমে ওজন বৃদ্ধি এবং হৃদরোগের ঝুঁকি এড়াতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা বা হালকা শরীরচর্চার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
হরমোনের তারতম্যের কারণে সৃষ্ট অনিদ্রা ও মেজাজের পরিবর্তন মোকাবিলায় মেডিটেশন ও যোগব্যায়াম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। চিকিৎসকদের মতে, ঋতুবন্ধ বার্ধক্যের লক্ষণ নয় বরং সঠিক যত্ন ও সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে এই সময়টিকে জীবনের একটি নতুন অধ্যায় হিসেবে গড়ে তোলা সম্ভব। শরীরিক অস্বস্তি তীব্র হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।