দক্ষিণবঙ্গের দখল নিতে আজ মেগা ফাইট, মোদি-মমতা-অভিষেকের হুঙ্কারে কাঁপছে বাংলা!
বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের প্রাক্কালে আজ শেষ রবিবাসরীয় প্রচার ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ প্রচারে ঝড় তুলতে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার নির্বাচনের আগে এই শেষ রবিবারটিকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তাদের চূড়ান্ত শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিয়েছে।
আজকের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাঁকুড়ার বড়জোড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বেলদায় চারটি জনসভা করবেন। একই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বর, কালনা ও মন্তেশ্বরে জনসভা করবেন এবং বর্ধমান দক্ষিণে পদযাত্রায় অংশ নেবেন। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাগর এবং নন্দীগ্রামে একাধিক জনসভা ও রোড-শো করবেন। এছাড়া বিজেপির কেন্দ্রীয় নেতা রাজনাথ সিং, জেপি নাড্ডা ও নীতিন নবীন রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে অংশ নেবেন। নির্বাচনের প্রথম দফার ভোট যেসব এলাকায় হবে, সেই জঙ্গলমহল ও তৎসংলগ্ন এলাকার ভোটব্যাঙ্ক নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সবপক্ষই শেষ মুহূর্তে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।