পরকীয়ার সন্দেহে স্ত্রীকে বেঁধে মধ্যযুগীয় বর্বরতা, ছত্তিসগড়ে গ্রেফতার পাষণ্ড স্বামী!

বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে অমানবিক নির্যাতনের অভিযোগে ছত্তিশগড়ের কোরিয়া জেলা থেকে জিতেন্দ্র ঘাসিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ জুন জেলার পাণ্ডোপাড়া গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে, যেখানে অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রীকে বেঁধে বেধড়ক মারধর করেন, ব্লেড দিয়ে চুল মুড়িয়ে দেন এবং জোরপূর্বক মুখে মূত্র ঢেলে দেন। এই পাশবিক অত্যাচারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর প্রশাসন তৎপর হয় এবং নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে।

নির্যাতিতা মহিলার অভিযোগ অনুযায়ী, ১৫ বছর আগে জিতেন্দ্রের সঙ্গে তাঁর বিয়ে হলেও দীর্ঘদিন ধরেই পরকীয়ার সন্দেহে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। প্রায় এক বছর আগে স্বামী তাঁকে পরিত্যাগ করলে তিনি অন্যত্র বসবাস শুরু করেন। গত ১৪ জুন জিতেন্দ্র অতর্কিতে তাঁর বাড়িতে হাজির হয়ে তাঁকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ভাইরাল ভিডিওতে অভিযুক্তকে মারধর, মাথা মুড়িয়ে দেওয়া এবং শরীরে অকথ্য আচরণ করতে দেখা গেছে। বর্তমানে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *