কপ্টারে ১০০ কোটির ওড়ানি! অভিষেকের খরচে তৃণমূলের অন্দরেই তুফান!
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আকাশছোঁয়া খরচে অস্বস্তিতে তৃণমূল, সঙ্কটে দলীয় কোষাগার
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিমান ও হেলিকপ্টার ব্যবহারের খরচের বহর নিয়ে দলের অন্দরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রে খবর, গত দুটি অর্থবর্ষে শুধুমাত্র বিমান ও হেলিকপ্টার ভাড়াতেই তৃণমূল প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করেছে, যার সিংহভাগই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতায়াত খাতে খরচ হয়েছে। এই আকাশছোঁয়া খরচের জেরে দল বর্তমানে বড় ধরনের আর্থিক ঘাটতির মুখে পড়েছে, যার ফলে অনেক ক্ষেত্রে ধৃত দলীয় কর্মীদের আইনি সহায়তা দিতেও হিমশিম খাচ্ছে শাসকদল।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে তৃণমূল কংগ্রেসের মোট আয়ের পরিমাণ ছিল ২১৯ কোটি টাকা, অথচ সেই তুলনায় ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২২৭ কোটি টাকায়। দলের কোষাগারের এই বেহাল দশা এবং নিচুতলার কর্মীদের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে দলেরই একাংশ চরম অসন্তোষ প্রকাশ করেছেন। দলীয় নেতাদের এই লাগামছাড়া কপ্টার ও বিমান বিলাস দলের আর্থিক ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে বলে ক্ষুব্ধ কর্মীদের একাংশ অভিযোগ তুলেছেন।