১২ শতাংশ ডিএ কি মিলবে প্রথম বাজেটে! রাজ্যজুড়ে বাড়ছে উত্তজনা!!
সোমবার বিধানসভায় নবনির্বাচিত রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। এই বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যের আর্থিক পরিস্থিতির সীমাবদ্ধতা মাথায় রেখে ১০ থেকে ১২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে এবং বাকি বকেয়া ধাপে ধাপে মেটানোর রূপরেখা ঘোষণা করা হতে পারে। উল্লেখ্য, রাজ্যের ওপর বর্তমানে ৩৫ হাজার ৩৭৭ কোটি টাকার বকেয়া পাওনার দায় রয়েছে, যা মেটাতে ৪০ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল তৈরির চিন্তাভাবনা করছে নবান্ন। ২০২৭ সালের জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশন কার্যকর করার প্রতিশ্রুতি পূরণ করতে দ্রুত এই জটিলতা কাটানো সরকারের লক্ষ্য।
প্রায় ৮ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা এবং সীমিত রাজস্ব আদায়ের পরিস্থিতির মধ্যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে সরকার। এই আর্থিক ঘাটতি সামাল দিতে জনকল্যাণমূলক প্রকল্পে অপচয় রোধ, অনাদায়ী কর আদায় এবং ভুয়ো উপভোক্তাদের তালিকা থেকে বাদ দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া, আর্থিক চাপ কমাতে রাজ্য প্রকল্পের পরিবর্তে সমমানের কেন্দ্রীয় প্রকল্পগুলোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। আগের ৪ লক্ষ ৬ হাজার ৮৪ কোটি টাকার তুলনায় এবারের বাজেট ৪ লক্ষ ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার, পরিকাঠামো উন্নয়ন ও কর্মচারীদের ডিএ দাবির মধ্যে ভারসাম্য রেখে নতুন সরকার বাজেটে কী দিশা দেখায়।