মালদা সীমান্তে অনুপ্রবেশের জেরে চূড়ান্ত আতঙ্ক, জারি হাই অ্যালার্ট!
মালদার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিএসএফ সূত্রে জানা গেছে, কাঁটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে আটককৃতদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আপত্তি জানালে দুই বাহিনীর মধ্যে টানাপোড়েন শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি করেছে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তের ওপারে বিপুলসংখ্যক মানুষ জড়ো হওয়ায় এলাকাটিতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এবং সীমান্তে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। স্থানীয়দের সীমান্তের কাছাকাছি না যাওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি নিরাপত্তা বিধিনিষেধ আরও জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রয়েছে এবং স্থানীয় প্রশাসন পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।