পুত্রবধূকে নির্যাতনের জেরে গ্রেপ্তার তৃণমূল নেত্রী, ‘চোর’ স্লোগান আর ডিম-বৃষ্টিতে তোলপাড়!
নিজ পুত্রবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে উত্তর ২৪ পরগনার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভানেত্রী ও তৃণমূল নেত্রী ইলা বাগচীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুত্রবধূর দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় রবিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
রবিবার তাঁকে বনগাঁ মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় পথে চরম বিক্ষোভের মুখে পড়েন এই নেত্রী। গাইঘাটা থানার বাইরে স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশি পাহারায় তাঁকে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা ‘চোর’ স্লোগান দেয় এবং তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়ে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলেও তৃণমূলের স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।