কলকাতায় নতুন ৫ জেলা ও ৩ বিমানবন্দরের মেগা ঘোষণা, বদলে যাচ্ছে রাজ্যের মানচিত্র!
সোমবার বিধানসভায় রাজ্য সরকারের নতুন বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই বাজেটে রাজ্যের প্রশাসনিক কাঠামোয় বড় ধরণের পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে রাজ্যে একযোগে পাঁচটি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই জেলাগুলো হলো— কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। এ ছাড়া কাঁথিতে নতুন পুলিশ জেলা, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে নতুন মহকুমা এবং শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি ও জয়গাঁতে নতুন পুরসভা গঠনের ঘোষণা করা হয়েছে। কলকাতার ক্ষেত্রে আগে জেলাশাসক পদ না থাকলেও এবার অন্যান্য জেলার মতোই এখানেও পুরোদস্তুর জেলাশাসক ও স্তরভিত্তিক প্রশাসনিক কাঠামো তৈরি করা হবে।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাজেটে পুরুলিয়া, বালুরঘাট ও মালদহে তিনটি নতুন বিমানবন্দর নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা বিমানবন্দরের চাপ কমাতে নদিয়ার কল্যাণীতে ১০০০ থেকে ১৫০০ একর জমি চিহ্নিত করে একটি ‘গ্রিনফিল্ড’ বিমানবন্দর গড়া হবে। কর্মসংস্থান নিয়ে অর্থমন্ত্রী জানান, রাজ্যে দ্রুত এক লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে, যার মধ্যে ৫০ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং ২০ হাজার পুলিশ কর্মী অন্তর্ভুক্ত। এই নিয়োগের ক্ষেত্রে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। একই সাথে বিধায়কদের বাৎসরিক তহবিল ৭০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।