১০ দিনের মধ্যে আত্মসমর্পণ করো, নয়তো কঠোর পরিণতির অপেক্ষায় থাকো!
পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরের জনসভা থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্যে অশান্তি ও দুর্নীতির পরিবেশ তৈরির জন্য সরাসরি শাসকদলকে দায়ী করেন। প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজ্যে আর কোনোভাবেই সিন্ডিকেট ও মাফিয়ার দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না। এছাড়া, গত ১৫ বছরে তৃণমূলের শাসনামলে রাজ্যের উন্নয়ন থমকে দাঁড়িয়েছে এবং বাংলার গৌরব সংকটের মুখে পড়েছে বলেও তিনি অভিযোগ তোলেন।
ভাষণের এক পর্যায়ে প্রধানমন্ত্রী অভিযুক্ত দুষ্কৃতীদের উদ্দেশ্যে ১০ দিনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে পরিণতি হবে ভয়াবহ। এছাড়া, লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বিজেপি কর্মীদের এই বার্তা প্রতিটি গ্রামে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। আগামী ৪ মে-র পর দুর্নীতিবাজ ও দুষ্কৃতীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।