২০২৬-এ ধেয়ে আসছে ভয়াবহ আর্থিক সংকট, সতর্ক করলেন রিচ ড্যাড!
‘রিচ ড্যাড পুওর ড্যাড’ বইয়ের লেখক রবার্ট কিয়োসাকি ২০২৬ সালের মধ্যে বিশ্বজুড়ে এক ভয়াবহ অর্থনৈতিক মন্দা বা ‘ইতিহাসের সবচেয়ে বড় ক্রাশ’ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন। ২০০২ সালে তার করা একটি পূর্বাভাসের সূত্র ধরে তিনি জানিয়েছেন, আমেরিকা থেকে টোকিও পর্যন্ত বিস্তৃত বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে যে ‘এভরিথিং বাবল’ বা সবকিছুর অতিমূল্যায়ন তৈরি হয়েছে, তা যেকোনো সময় ফেটে যেতে পারে। দুবাই, লাস ভেগাস, টোকিও ও নিউ ইয়র্কের মতো বড় শহরগুলোতে ইতোমধ্যে অর্থনৈতিক পতনের স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সম্পদ রক্ষার কৌশল হিসেবে সোনা, রুপা ও বিটকয়েনের ওপর গুরুত্বারোপ করেছেন কিয়োসাকি। তার মতে, প্রথাগত শেয়ার বাজারের অস্থিরতা থেকে সুরক্ষিত থাকতে এসব সম্পদে বিনিয়োগ করা জরুরি। বাজার ধসে পড়ার সময়কেই তিনি সম্পদ কেনার সেরা সুযোগ হিসেবে অভিহিত করেছেন, তবে এই সংকটকালীন সময়ে টিকে থাকতে বিনিয়োগকারীদের সঠিক পড়াশোনা, সতর্কতা এবং সময়োপযোগী সিদ্ধান্তের ওপর জোর দিয়েছেন তিনি।