বাগনানে বিজেপি কর্মী খুন, মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় আরও ১ গ্রেপ্তার!

বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সিআইডি। শনিবার গভীর রাতে শ্যামপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে শেখ সইফুদ্দিন নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর ফলে এই হত্যাকাণ্ডের ঘটনায় মোট ধৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। গত ১৭ জুন রাতে বাগনানের পাইকপাড়ি গ্রামে তৃণমূল উপপ্রধান মফিজুল ইসলাম খানের বাড়িতে বিক্ষোভ দেখানোর সময় বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রশান্ত দে নিহত হন এবং তিনজন আহত হন। এই ঘটনায় মোট ৫১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তভার সিআইডি-র হাতে ন্যস্ত করা হয়েছে। এর আগে নিহতের পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী এই মামলার অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। তদন্তকারী সূত্রে জানা গেছে, রবিবার ধৃত সইফুদ্দিনকে আদালতে তোলা হবে। পাশাপাশি, এই খুনের ঘটনায় অন্য কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত কি না, তা খতিয়ে দেখতে সিআইডি ও জেলা পুলিশের বিশেষ দল জোর তল্লাশি চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *