চিরকালের জন্য বাকিংহাম প্যালেস ছাড়ছেন রাজা চার্লস!
লন্ডনের ঐতিহাসিক বাকিংহাম প্যালেস চিরকালের জন্য ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। ১৮৩৭ সাল থেকে ব্রিটিশ রাজপরিবারের স্থায়ী বাসস্থান হিসেবে পরিচিত এই প্রাসাদ ছেড়ে তাঁরা এখন থেকে ক্ল্যারেন্স হাউসেই স্থায়ীভাবে বসবাস করবেন। ২০২৭ সালে বাকিংহাম প্যালেসের দীর্ঘমেয়াদি সংস্কার কাজ শেষ হওয়ার কথা থাকলেও, রাজা ও রানি আর সেখানে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
৭৭৫টি কক্ষবিশিষ্ট এই প্রাচীন প্রাসাদের নিরাপত্তা ও অবকাঠামো সংস্কারে ২০১৭ সাল থেকে প্রায় ৩৭ কোটি পাউন্ড ব্যয় করা হচ্ছে। রাজপ্রাসাদ সূত্রে জানা গেছে, রাজার বয়স এবং জনসাধারণের জন্য প্রাসাদটি আরও উন্মুক্ত রাখার সদিচ্ছার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজা সেখানে অবস্থান করলে নিরাপত্তার খাতিরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশাধিকার সীমিত হয়ে পড়ে, যা এখন এড়ানো সম্ভব হবে। তবে বাকিংহাম প্যালেস পুরোপুরি বন্ধ হচ্ছে না; এটি আগের মতোই রাজার প্রশাসনিক কার্যালয় এবং বিদেশি রাষ্ট্রনেতাদের আতিথ্য ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে থাকবে।