মাসে পৌনে তিন লাখ টাকার চাকরি, কাজ কেবল অন্যের প্রেম ভাঙা!

সম্পর্কচ্ছেদের বার্তা বা ব্রেকআপ বার্তাটি ক্লায়েন্টের হয়ে পৌঁছে দেওয়ার জন্য ‘চিফ ব্রেকআপ অফিসার’ (সিবিও) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একটি আন্তর্জাতিক ডেটিং সংস্থা। এই অভিনব চাকরির জন্য প্রতি মাসে বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকা। আবেদনের প্রধান যোগ্যতার তালিকায় রাখা হয়েছে উচ্চমাত্রার আবেগীয় বুদ্ধিমত্তা এবং নিজের ব্যক্তিগত জীবনে অন্তত তিনটি ব্রেকআপ সামলানোর বাস্তব অভিজ্ঞতা।

গবেষণার তথ্য অনুযায়ী, বর্তমান প্রজন্মের ৮৪ শতাংশ মানুষ ‘ঘোস্টিং’ বা হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরিস্থিতির শিকার হন। সঙ্গীর কাছ থেকে কোনো ব্যাখ্যা না পাওয়ার চেয়ে একটি স্পষ্ট বিদায়বার্তা অনেক বেশি গ্রহণযোগ্য বলে মনে করছে সংস্থাটি। মূলত যারা সামনাসামনি বিচ্ছেদের কথা বলতে অস্বস্তি বা ভয় বোধ করেন, তাদের সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এই নতুন পেশাগত ধারণার নেতিবাচক প্রভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সমাজতত্ত্ববিদ ও সম্পর্ক বিশেষজ্ঞরা। তাদের মতে, তৃতীয় ব্যক্তির মাধ্যমে বিচ্ছেদ ঘটানোর প্রবণতা মানুষকে নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে। মানবিক আবেগকে এভাবে আউটসোর্স করার ফলে ভবিষ্যতে মানুষের পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সমাজ অনুভূতিহীন ও যান্ত্রিক হয়ে ওঠার ঝুঁকি তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *