সরকারি নির্দেশ! তৃণমূল নেতাকে ডিম ছুড়ে বিতর্কে বিজেপি নেতা, তারপর যা ঘটল!

পূর্ব মেদিনীপুরের বালিসাইয়ে বিএলআরও অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তথা রামনগর-২ ব্লকের ভূমি কর্মাধ্যক্ষ মানস দাসকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ, স্থানীয় বিজেপি নেতা সুব্রত দাস ওই তৃণমূল নেতার গায়ে ডিম ছুড়ে মারেন এবং তাঁর মুখে ও মাথায় ডিম মাখিয়ে হেনস্থা করেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকায় শোরগোল পড়ে যায়। ভিডিওতে দেখা গেছে, স্থানীয়রা বাধা দিলে সুব্রত দাস এটিকে ‘সরকারি নির্দেশ’ বলে দাবি করেন, যা নিয়ে সেখানে বচসা ও ধস্তাধস্তির সৃষ্টি হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিষয়টিকে ‘অপসংস্কৃতি’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানান এবং এমন কাজ দল সমর্থন করে না বলে স্পষ্ট করেন। দলীয় নেতৃত্বের চাপের মুখে পড়ে অভিযুক্ত সুব্রত দাস কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ রায়ের কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। এছাড়াও এক ভিডিও বার্তায় তিনি স্বীকার করেছেন যে, এই ঘটনা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত আক্রোশ থেকে ঘটেছে এবং এর সঙ্গে দল বা সরকারের কোনো সম্পর্ক নেই। তিনি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *