পকেটের চাপেই কি কমছে সন্তান জন্মদানের হার, সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য!
পশ্চিমবঙ্গে ক্রমশ কমছে প্রজনন হার, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিশ্ব জনসংখ্যা দিবসে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ-এর আয়োজিত এক আলোচনা চক্রে এই তথ্য উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী, দেশের গ্রামীণ এলাকায় প্রজনন হার ২.১ শতাংশ হলেও, পশ্চিমবঙ্গে তা মাত্র ১.৭ শতাংশ। বর্তমান পরিস্থিতিতে রাজ্যের অধিকাংশ দম্পতি একের বেশি সন্তান গ্রহণে অনাগ্রহী, আবার অনেকে সন্তান নেওয়ার পরিকল্পনা থেকেই পুরোপুরি দূরে থাকছেন।
এই নিম্নমুখী প্রজনন হারের প্রধান কারণ হিসেবে আর্থিক নিরাপত্তাহীনতাকে চিহ্নিত করা হয়েছে। সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৮৮ শতাংশ দম্পতি অর্থনৈতিক অস্থিতিশীলতা ও সন্তান পালনের অতিরিক্ত খরচের আশঙ্কায় অভিভাবকত্ব থেকে পিছিয়ে আসছেন। এছাড়া উপযুক্ত কর্মসংস্থানের অভাবে তরুণ প্রজন্মের একটি বড় অংশ ভিন রাজ্য বা বিদেশে পাড়ি জমানোর ফলে রাজ্যে প্রবীণ জনসংখ্যার হার পাল্লা দিয়ে বাড়ছে।