বর্ষার দোহাই দিয়ে ব্রিগেডে সভা প্রত্যাখ্যান, কেন এমন সিদ্ধান্ত তৃণমূলের?
July 14, 2026
একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের স্থান নির্বাচন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি তৃণমূল কংগ্রেস। কলকাতা পুলিশের পক্ষ থেকে সমাবেশটি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করার প্রস্তাব দেওয়া হলেও, তৃণমূল নেতৃত্ব তা সরাসরি খারিজ করে দিয়েছে। বর্ষাকালে ব্রিগেডের মাঠে জল-কাদা জমে থাকা এবং মঞ্চ তৈরির অসুবিধার কথা উল্লেখ করে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনোভাবেই ব্রিগেড ময়দানে সমাবেশ করা সম্ভব নয়।
তৃণমূলের দাবি, বছরের পর বছর ধরে ধর্মতলায় এই ঐতিহাসিক সমাবেশ আয়োজিত হয়ে আসছে, তাই হঠাত স্থান পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করছে তারা। বর্তমানে বিষয়টি কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি নিজেদের অবস্থানে অনড় থেকে তৃণমূল সাফ জানিয়ে দিয়েছে, বিকল্প হিসেবে ব্রিগেড নয়, বরং প্রয়োজনে ডোরিনা ক্রসিংয়েই তারা সমাবেশ করতে বদ্ধপরিকর।