শওকতের ভুয়া ডিগ্রি বিতর্ক, কাঠগড়ায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়!
তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতার হলফনামা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তার বিরুদ্ধে ‘ভুয়ো ডিগ্রি’ ব্যবহারের অভিযোগে দায়ের করা এফআইআর-এ নাম জড়িয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠদের। বিজেপি নেতা অভিজিৎ দাসের দায়ের করা এই অভিযোগের তদন্তভার দেওয়া হয়েছে ভাঙড়ের সিআই স্বপন কুমার ছাবডিকে। তিনি বারুইপুরের পুলিশ সুপারের দপ্তরে এই লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী বিজেপি নেতার দাবি, ২০১৬ সাল থেকে ক্যানিং পূর্বের বিধায়ক হিসেবে দায়িত্ব পালনকারী শওকত মোল্লা হলফনামায় নিজেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ বলে উল্লেখ করেছেন। এছাড়াও রাজস্থানের একটি বিশ্ববিদ্যালয় থেকে তার নিয়মিত কোর্সে স্নাতক করার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিধায়ক থাকাকালীন নিয়মিত কীভাবে সেখানে ক্লাস করা সম্ভব, সেই বিষয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। এফআইআর-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তার আপ্তসহায়ক সুমিত রায় এবং অয়ন ঘোষ দস্তিদারের নাম অন্তর্ভুক্তির বিষয়ে সংশ্লিষ্ট মহলের যোগসূত্র খতিয়ে দেখার কথা বলা হয়েছে।