১২৫ দিনের কাজে সরাসরি নজরদারি, বিধায়কদের হাতে কি ক্ষমতা হারাচ্ছেন প্রধানরা?
রাজ্যের ১২৫ দিনের কাজে (VB-G RAM G) গতি আনতে ও নজরদারি বাড়াতে নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। এখন থেকে পঞ্চায়েত প্রধানদের ওপর নির্ভরতা কমিয়ে এলাকার কাজের রূপরেখা তৈরির দায়িত্ব সরাসরি বিধায়কদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই কাজে বিধায়কদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি শুরু করেছে পঞ্চায়েত দফতর। পাশাপাশি, প্রশাসনিক জট কাটাতে শীঘ্রই পঞ্চায়েত আইন সংশোধন করে প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা সরকারি আধিকারিকদের দেওয়ার পরিকল্পনা করেছে নবান্ন।
রাজ্যের ৩,৩৩৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় ২,৯০০টিতেই নির্দিষ্ট সময়ে ১২৫ দিনের কাজ শুরু না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বরাদ্দ থাকা সত্ত্বেও পঞ্চায়েত প্রধানদের অনুপস্থিতি বা অনাস্থা জনিত অচলাবস্থাই এর মূল কারণ। অন্যদিকে, ১২৫ দিনের কাজে শ্রমিকদের মজুরি বৃদ্ধিরও অনুমোদন দেওয়া হয়েছে। এখন থেকে দক্ষ শ্রমিকদের (রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান) দৈনিক মজুরি ৫২০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা এবং অর্ধ-দক্ষ শ্রমিকদের (সুপারভাইজার) মজুরি ৩৯০ টাকা থেকে বাড়িয়ে ৪৫০ টাকা করা হচ্ছে।