পুরীর রথযাত্রায় শোকের ছায়া! প্রবল বৃষ্টি ও ভিড়ে প্রাণ হারালেন ২ পুণ্যার্থী
পুরীর রথযাত্রা উৎসবে প্রবল বৃষ্টি ও অত্যধিক ভিড়ের জেরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়ে অন্তত দুইজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। ওড়িশা মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে ৬০ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ৩৫ বছর বয়সি অপর এক যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এছাড়া, ভিড়ের মধ্যে হুড়োহুড়িতে দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় প্রায় ২০০ জন পুণ্যার্থী শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন, যাদের দ্রুত পুরী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পাওয়া মাত্রই স্পেশ্যাল রেসকিউ ইউনিটের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে এবং স্বাস্থ্যকর্মী ও প্রশাসন সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরী জুড়ে ১৩ হাজার রাজ্য পুলিশের পাশাপাশি এনএসজি, আরএএফ, সিআরপিএফ ও বিএসএফ-এর ১৫টি কোম্পানি মোতায়েন করে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। উপকূলভাগেও চলছে কড়া টহলদারি। প্রশাসনের পক্ষ থেকে তীর্থযাত্রীদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।