মার্চেই রাস্তায় নামছে ১০০০ নতুন বাস, মহিলাদের জন্য থাকছে বিশেষ সুবিধা!
রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও পরিবেশবান্ধব করে তুলতে মঙ্গলবার একগুচ্ছ নতুন প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ৫০টি নতুন পরিবেশবান্ধব বাসের (৪৩টি সিএনজি ও ৭টি ব্যাটারিচালিত) আনুষ্ঠানিক সূচনা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে রাজ্যের রাস্তায় আরও এক হাজার নতুন বাস নামানো হবে। এই বাসগুলোর রঙ হবে স্বামী বিবেকানন্দের পোশাকের অনুকরণে। এছাড়া বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধার পাশাপাশি তাঁদের জন্য সংরক্ষিত ‘পিঙ্ক সিট’-এর ব্যবস্থাও চালু করা হচ্ছে। একই সঙ্গে, বাস চালক ও কন্ডাক্টরদের বেতন বৈষম্য দূর করতে আগামী অগস্ট মাস থেকে তাঁদের সমপরিমাণ বেতন প্রদানের ঘোষণা করা হয়েছে।
পরিবহন পরিকাঠামো উন্নয়নে অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে দেশে ১৭তম রাজ্য হিসেবে ‘ওয়াটার মেট্রো’ চালু এবং দুর্গাপুর-আসানসোল ও শিলিগুড়ি-জলপাইগুড়ির মধ্যে ‘সিটি মেট্রো’র ডিপিআর তৈরির উদ্যোগ। পাশাপাশি, শিল্প ও বাণিজ্যের প্রসারে কল্যাণীর দু’হাজার একর জমিতে নতুন গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। পাশাপাশি বালুরঘাট, মালদা ও পুরুলিয়ায় বিমানবন্দর তৈরিতে কেন্দ্রীয় সহায়তার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যানজট নিরসনে হাওড়ার সাঁকরাইল-শিবপুর এবং গার্ডেনরিচের মধ্যে পণ্যবাহী গাড়ির জন্য ‘রো-রো সার্ভিস’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখেই এই উদ্যোগগুলো বাস্তবায়িত হবে।