২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, এবার কি তবে জবাবদিহির পালা!
টানা ২৬ দিন অনশন চালানোর পর অবশেষে তা প্রত্যাহার করলেন বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার গভীর রাতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিবাচক আশ্বাসের প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার মেদান্তা হাসপাতাল থেকে এক ভিডিও বার্তায় ওয়াংচুক অনশন প্রত্যাহারের কথা ঘোষণা করে জানান, সরকারের সঙ্গে আলোচনার পর তিনি এই পদক্ষেপ নিয়েছেন, তবে দেশের শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনার লড়াই জারি থাকবে।
কেন্দ্রের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী কোনো শিক্ষার্থী বা যুবকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং প্রশ্নফাঁস কাণ্ডে মৃত পরীক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হবে। পাশাপাশি, পরীক্ষা ব্যবস্থার সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করতে বিষয়টি সংসদে সর্বদলীয় আলোচনার মাধ্যমে গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার পরই এই সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে। গত ২৮ জুন থেকে NEET সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁস ও দুর্নীতির প্রতিবাদে এই অনশন কর্মসূচি শুরু করেছিলেন সোনম ওয়াংচুক।