২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, সুস্থ হতে কতটা সময় লাগবে?
টানা ২৬ দিন অনশন করার পর অবশেষে তা ভাঙলেন বিশিষ্ট ক্লাইমেট অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক। বর্তমানে তিনি গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ভর্তি রয়েছেন। স্যুপ খেয়ে অনশন ভাঙলেও দীর্ঘ উপোসের ফলে তিনি শারীরিকভাব যথেষ্ট দুর্বল হয়ে পড়েছেন, তবে তাঁর শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে।
দীর্ঘ সময় না খাওয়ার প্রভাবে পেশি ক্ষয়, পুষ্টির ঘাটতি ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণে সোনম ওয়াংচুকের প্রায় ১১ কেজি ওজন কমেছে। চিকিৎসকদের মতে, দীর্ঘ উপোস ভাঙার পর ‘রিফিডিং সিন্ড্রোম’-এর ঝুঁকি এড়াতে তাঁকে প্রথমেই ভারী খাবার দেওয়া হচ্ছে না। আপাতত তিনি তরল খাবারের ডায়েটে রয়েছেন এবং শারীরিক অবস্থা বুঝে ধীরে ধীরে তাঁকে সেমি-সলিড ও সলিড খাবারের দিকে নিয়ে যাওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারণা, তাঁর শারীরিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরতে ৩ থেকে ১০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।