মিড ডে মিলে এবার ডিমের চমক, বড় ঘোষণা নিয়ে শোরগোল!
স্কুলের মিড ডে মিলে ইসকনের (ISKCON) মাধ্যমে সাত্বিক নিরামিষ খাবার বিতরণের পাশাপাশি পড়ুয়াদের পুষ্টির বিষয়টি নিশ্চিত করতে বড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইসকন তাদের নিয়মানুযায়ী নিরামিষ খাবার পরিবেশন করলেও পড়ুয়াদের প্রোটিনের চাহিদা মেটাতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সপ্তাহে এক বা দু’দিন মিড ডে মিলের পাতে সেদ্ধ ডিম দেওয়া হবে। আগামী ১ আগস্ট বেলা ১২টায় মুখ্যমন্ত্রী নিজে এই বিশেষ ব্যবস্থার সূচনা করবেন।
পাশাপাশি মিড ডে মিলের মান ও পরিকাঠামো উন্নয়নে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন প্রাথমিক স্তরে মাথাপিছু বরাদ্দ ৬ টাকা ৭৮ পয়সা থাকলেও, তা বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। এছাড়া রান্নার কাজে যুক্ত কর্মীদের মাসিক ভাতা ২০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করার ঘোষণা দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য যে, কলকাতার স্কুলগুলিতে পাইলট প্রজেক্ট সফল হওয়ার পর এখন রাজ্যজুড়ে বিভিন্ন জেলার স্কুলগুলোতেও ইসকনের সহায়তায় খাবার বিতরণের এই ব্যবস্থা সম্প্রসারিত করা হচ্ছে।