যন্তর মন্তরে ছাত্রদের ওপর ছররা গুলি কেন, জবাব দিন দিল্লি পুলিশ!
নিট-ইউজি বিতর্ক: আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছররা গুলি চালানোর ঘটনায় দিল্লির পুলিশের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট
দিল্লির যন্তর মন্তরে নিট-ইউজি (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর প্রাণঘাতী ধাতব পেলেট বা ছররা গুলি চালানোর অভিযোগের প্রেক্ষিতে কঠোর অবস্থানে দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই বিষয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে পুলিশকে তাদের বলপ্রয়োগের সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, বিক্ষোভ দমনে ছররা গুলির ব্যবহার হওয়া উচিত পুলিশি বলপ্রয়োগের একেবারে শেষ ধাপ; এটি কোনোভাবেই প্রথম পদক্ষেপ হতে পারে না।
শুনানিতে আন্দোলনকারীদের পক্ষে আইনজীবী বৃন্দা গ্রোভার দাবি করেন, ছাত্ররা অহিংস আন্দোলন করলেও পুলিশ রবার বুলেটের পরিবর্তে প্রাণঘাতী ধাতব পেলেট ব্যবহার করেছে। আদালত জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা রুখতে একটি কড়া নির্দেশিকা তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে, পুলিশ বেআইনিভাবে ক্ষমতা প্রয়োগ করেছে কি না তার প্রমাণ আবেদনকারীদের পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই স্পর্শকাতর বিষয়ে কেন্দ্রকে নোটিস পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ২০ জুলাই যন্তর মন্তরে ‘চলো সংসদ’ অভিযানের সময় টিয়ার গ্যাস ও প্লাস্টিক পেলেট ব্যবহারের কথা স্বীকার করেছিল পুলিশ। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবি মেনে নেওয়ায় ৩৬ দিন পর আন্দোলনকারীরা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।