ভেজাল কারবারে নামমাত্র জরিমানা, জনস্বাস্থ্য কি তবে জিম্মি!
দেশজুড়ে খাদ্যদ্রব্যের মান নিয়ে এক উদ্বেগজনক তথ্য উঠে এসেছে সরকারের সাম্প্রতিক পরিসংখ্যানে। লোকসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব জানিয়েছেন, ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত এফএসএসএআই (FSSAI) এবং রাজ্য খাদ্য সুরক্ষা আধিকারিকদের পরীক্ষায় প্রায় ৮.৮৭ লক্ষ খাদ্য নমুনার মধ্যে ২১ শতাংশ বা ১.৮৫ লক্ষ নমুনা গুণগত মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে শুধু ২০২৫-২৬ অর্থবর্ষেই ৪০,০২৩টি নমুনা ত্রুটিপূর্ণ পাওয়া গেছে, যার মধ্যে ৯,০৮৬টি খাদ্যপণ্য সরাসরি মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও বিষাক্ত হিসেবে চিহ্নিত হয়েছে। মানহীন ও ভেজাল খাদ্যের তালিকায় উত্তর প্রদেশ শীর্ষে রয়েছে।
আইনি ব্যবস্থা ও শাস্তির তথ্যে দেখা গেছে যে, কঠোর অপরাধ সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে নামমাত্র জরিমানাতেই পার পেয়ে যাচ্ছেন ভেজালকারীরা। উল্লেখিত সময়ে ৩১,৮৭৮টি দেওয়ানি মামলায় ১০৯.১১ কোটি টাকা জরিমানা আদায় করা হলেও, ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার হার অত্যন্ত কম। মাত্র ১,৯১৮টি ফৌজদারি মামলায় ৫.৭১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া গুজরাটের তথ্যে দেখা যায়, ৪,৪৩৭টি নিম্নমানের খাদ্যের নমুনার বিপরীতে আইনি প্রক্রিয়া শুরু হলেও মাত্র ২৫৯টি ক্ষেত্রে দোষীদের সাজা নিশ্চিত করা সম্ভব হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ এবং চূড়ান্ত সাজার মধ্যে এই বিশাল ব্যবধান ভেজালকারীদের দৌরাত্ম্যকে আরও উৎসাহী করে তুলছে।