প্রতিবাদ করলে চাকরি যাবে! পঞ্চায়েত অফিসে যৌন হেনস্তার ঘটনায় গ্রেফতার অ্যাসিস্ট্যান্ট
দক্ষিণ ২৪ পরগনার সাগর থানা এলাকার একটি সরকারি পঞ্চায়েত অফিসে এক মহিলা সাফাইকর্মীকে যৌন হেনস্তা ও ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রতন পুরকাইতকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই সকালে পঞ্চায়েত অফিসে কাজের সময় ওই কর্মীকে একা পেয়ে রতন পুরকাইত অশালীন আচরণ ও শ্লীলতাহানি করেন। প্রতিবাদ করলে অভিযুক্ত নিজের পদের দাপট দেখিয়ে ওই কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১২৬(২), ৬৪(২)(বি) এবং ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অভিযোগকারিণীর গোপন জবানবন্দিও নেওয়া হবে। বৃহস্পতিবার অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।