আইআইটি অধিকর্তাকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ কটাক্ষ প্রিয়ঙ্কার, প্রতিবাদে সরব ২১৫ জন শিক্ষাবিদ!

পরীক্ষা সংস্কার কমিটির সদস্য ও আইআইটি (IIT) মাদ্রাজের অধিকর্তা অধ্যাপক ভি কামকোটিকে পরোক্ষভাবে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে কটাক্ষ করার অভিযোগে বিতর্কের মুখে পড়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। লোকসভায় ‘পাবলিক এগজামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল’ নিয়ে আলোচনার সময় প্রিয়ঙ্কা সরাসরি নাম না নিলেও কামকোটিকে নিশানা করেছিলেন বলে অভিযোগ ওঠে। এই মন্তব্যের প্রতিবাদে দেশের ২১৫ জন বর্তমান ও প্রাক্তন উপাচার্য এবং প্রখ্যাত শিক্ষাবিদ প্রিয়ঙ্কা গান্ধীকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি পাঠিয়েছেন।

তিন পাতার ওই চিঠিতে শিক্ষাবিদরা গভীর হতাশা প্রকাশ করে জানান, যুক্তিহীনভাবে একজন শীর্ষস্থানীয় বিজ্ঞানীকে ব্যক্তিগত আক্রমণ করা অত্যন্ত নিন্দনীয় এবং এটি ভারতীয় সংবিধানে উল্লেখিত ‘বৈজ্ঞানিক মানসিকতা’র পরিপন্থী। চিঠিতে অধ্যাপক কামকোটির শিক্ষাগত ও বৈজ্ঞানিক যোগ্যতার উল্লেখ করে জানানো হয় যে, তিনি আইআইটি মাদ্রাজ থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেছেন এবং তাঁর ১৫০টিরও বেশি আন্তর্জাতিক গবেষণাপত্র রয়েছে। ভারতের প্রথম শিল্পমানের মাইক্রোপ্রসেসর তৈরির মূল কারিগর কামকোটি ‘ডিআরডিও অ্যাকাদেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ সহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন। বিজ্ঞানীদের রাজনৈতিক ভয়ের ঊর্ধ্বে রেখে জনস্বার্থের আলোচনায় সক্রিয় রাখার দাবিও তুলেছেন শিক্ষাবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *