রাজনৈতিক কর্মসূচির অনুমতি নিয়ে কেন এই টালবাহানা, হাই কোর্টের কড়া বার্তার পর শোরগোল!

বার্তা ডেস্কঃ

রাজনৈতিক ও গণতান্ত্রিক কর্মসূচির অনুমতি দেওয়া নিয়ে রাজ্য সরকারের শেষ মুহূর্তের সিদ্ধান্ত এবং টালবাহানার পদ্ধতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাই কোর্ট। অহেতুক দেরি করে অনুমতি খারিজ করায় আদালতের সময় নষ্ট হচ্ছে এবং বাধ্য হয়েই সপ্তাহান্তে জরুরি শুনানিতে বসতে হচ্ছে বলে কড়া প্রতিক্রিয়া জানান বিচারপতি সৌগত ভট্টাচার্য। প্রশাসনের উদ্দেশ্যে আদালতের স্পষ্ট বক্তব্য, শেষ মুহূর্তে সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে বার বার আদালতকে আপৎকালীন শুনানির পরিস্থিতিতে ফেলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। গত ৩ আগস্ট একটি কর্মসূচির জন্য আবেদন করা হলেও, দীর্ঘ দিন টালবাহানা করে গত ৭ আগস্ট রাত সাড়ে আটটায় সেই অনুমতি বাতিল করে প্রশাসন। এই বিষয়ে বিচারপতির প্রশ্ন, কেন আগে থেকে স্পষ্ট সিদ্ধান্ত জানানো হলো না?

শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রশাসনের সিদ্ধান্তকে সমর্থন করে দাবি করেন, আবেদনকারীরা পিটিশনে বেশ কিছু তথ্য গোপন করেছিলেন এবং দেওয়া বক্তব্য নির্ভুল ছিল না। এছাড়া, প্রায় দুই হাজার মানুষ নিয়ে এ ধরনের জনসভা বা মিছিল করা বাস্তবে সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে অ্যাডভোকেট জেনারেলের এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি হাই কোর্ট। আদালতের স্পষ্ট বার্তা, রাজনৈতিক বা যে কোনও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আর্জি সামলাতে গিয়ে এমন প্রশাসনিক অনীহা এবং গড়িমসি একেবারেই কাম্য নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *