বিচারপতির বাড়িতে টাকার পাহাড়, উৎস নিয়ে রহস্য!

বার্তা ডেস্কঃ

দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাসভবন থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ পোড়া নোটের সন্তোষজনক ব্যাখ্যা মিলল না। লোকসভা গঠিত বিশেষ তদন্ত কমিটির পেশ করা চূড়ান্ত রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। গত বছর মার্চ মাসে বিচারপতির বাংলোয় অগ্নিকাণ্ডের সময় উদ্ধার হওয়া ওই নগদ টাকার উৎস নিয়ে শুরু থেকেই দেশজুড়ে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। নতুন রিপোর্টে সাফ জানানো হয়েছে, এই বিরাট অঙ্কের অর্থ কোথা থেকে এল, তার পক্ষে কোনও যুক্তিযুক্ত প্রমাণ বা সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত বিচারপতি।

শুধু টাকার উৎস গোপন হওয়াই নয়, বরং ঘটনার পর রাতের অন্ধকারে বহু নোট রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া এবং তদন্তের নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ না করার মতো গুরুতর অভিযোগও উঠেছে। এই সমস্ত অনিয়মের প্রেক্ষিতে তদন্ত কমিটি প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। যদিও বিতর্কের মুখে তিনি আগেই নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন, তবুও এই চাঞ্চল্যকর প্রতিবেদনের পর তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ যে অবশ্যম্ভাবী, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *