প্রেমিকার স্বামীকে নৃশংস খুন, রক্তে ভাসল রাস্তা!

বার্তা ডেস্কঃ

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ মেরে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার গেদে মোড় সংলগ্ন এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মৃত প্রদীপ দুর্লভের বয়স ৩৫ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জয়ন্ত পালের সঙ্গে প্রদীপের স্ত্রীর সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে কথা বলতে মঙ্গলবার রাতে জয়ন্তের বাড়িতে যান প্রদীপ। সেখানে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডার জেরে জয়ন্ত ধারালো অস্ত্র দিয়ে প্রদীপকে উপর্যুপরি আক্রমণ করেন বলে অভিযোগ।

আক্রমণের মুখে পড়ে প্রদীপ পালানোর চেষ্টা করলে চিৎকার শুনে এক প্রতিবেশী যুবক ছুটে আসেন। তাঁকে বাধা দিতে গেলে তাঁর শরীরেও অস্ত্রের আঘাত লাগে। এরপর প্রদীপের গলায় মারাত্মক কোপ বসিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেন অভিযুক্ত। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম দুই যুবককে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রদীপকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত জয়ন্ত পালের খোঁজে তল্লাশি শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের মাকে আটক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *