ভোটার তালিকা থেকে নাম গায়েব, নির্বাচন কমিশনের ওপর ফুঁসে উঠলেন প্রকাশ রাজ!
বার্তা ডেস্কঃ
কর্নাটক নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর মিথ্যাচারের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। বেঙ্গালুরুর শান্তিনগর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা থেকে তাঁর নাম ‘স্থায়ীভাবে স্থানান্তরিত’ দেখিয়ে বাদ দেওয়ার পর থেকেই এই বিতর্কের সূত্রপাত ঘটে। অভিনেতা জানান, কমিশন তাঁর পুরনো বাড়িতে প্রতিনিধি পাঠিয়ে প্রতিবেশীদের সাক্ষাৎকার রেকর্ড করে প্রমাণের চেষ্টা করে যে তিনি সেখানে থাকেন না, যা তাঁর জন্য অত্যন্ত অপমানজনক। পরবর্তীতে নির্বাচন কমিশন ফোনে ভুলের কথা স্বীকার করলেও, সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বক্তব্য বদলে তা ‘স্থানান্তরিত’ বলে দাবি করে।
নির্বাচন কমিশনের এই দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ প্রকাশ রাজ প্রশ্ন তুলেছেন, একজন সেলিব্রিটির সাথেই যদি এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করা হয়, তবে সাধারণ নাগরিকদের কী হাল হবে? এসআইআর (SIR) প্রক্রিয়ার তীব্র সমালোচনা করে তিনি বলেন, ভোটের সময় রাজনীতিকরা নাগরিকদের দুয়ারে আসেন, অথচ এখন ভোটাধিকার রক্ষায় সাধারণ মানুষকেই আবেদনের লাইনে দাঁড়াতে হচ্ছে। প্রশাসনিক এই জটিলতা ও রাজনীতির মূল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি ভবিষ্যতে এই বিষয়ে আরও প্রতিবাদ জানানোর ইঙ্গিত দিয়েছেন।