স্কুলের কোটি কোটি পড়ুয়াদের জন্য জরুরি নির্দেশ, আধার কার্ড না থাকলে বড় বিপদ!
বার্তা ডেস্কঃ
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) সারা দেশের ২ কোটিরও বেশি স্কুল পড়ুয়ার আধার কার্ডের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (MBU) সম্পন্ন করেছে। সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া বিশেষ অভিযানের মাধ্যমে প্রায় ১.৫৬ লক্ষ স্কুলে ক্যাম্প করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শিক্ষা দফতরের সহায়তায় এই প্রক্রিয়া চালানো হয়। ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস (UDISE+)-এর সঙ্গে প্রযুক্তিগত সংযুক্তির ফলে প্রতিটি শিশুর আধার আপডেটের সঠিক অবস্থা সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে। এর ফলে কোটি কোটি ছাত্রছাত্রী অত্যন্ত সুবিধাজনক উপায়ে নিজেদের স্কুলেই আধার বায়োমেট্রিক আপডেটের সুযোগ পেয়েছে।
সাধারণত ৫ বছরের কম বয়সী শিশুদের আধার তৈরির সময় কেবল ছবি নেওয়া হয় এবং আঙুলের ছাপ বা আইরিস আপডেট থাকে না। তাই ৫ বছর এবং পরবর্তীতে ১৫ বছর বয়সে বাধ্যতামূলকভাবে এই বায়োমেট্রিক তথ্য আপডেট করাতে হয়। সময়মতো এই আপডেট না থাকলে ভবিষ্যতে NEET, JEE বা CUET-এর মতো সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সরকারি বৃত্তির সুযোগ পেতে চরম ভোগান্তির সৃষ্টি হতে পারে। এই প্রক্রিয়াকে উৎসাহিত করতে UIDAI আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ৫ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য এই আপডেট পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে ঘোষণা করেছে। অভিভাবকদের দ্রুত সন্তানদের বায়োমেট্রিক আপডেট নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।