নিউ মার্কেটে বিধ্বংসী আগুন, প্রাণ গেল ৯ জনের! কাঠগড়ায় পুরসভা ও দমকল?

বার্তা ডেস্কঃ

তারাপীঠের মর্মান্তিক ঘটনার স্মৃতি টাটকা থাকতেই ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল তিলোত্তমা। কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট এলাকার একটি গেস্টহাউসে মঙ্গলবার গভীর রাতে বিধ্বংসী আগুনে প্রাণ হারিয়েছেন ৯ জন। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে এবং পুরসভা ও দমকল দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত ২টো নাগাদ হোটেলটিতে হঠাৎ আগুন লেগে যায়। গভীর রাতে ঘুমের ঘোরে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। খবর পেয়ে দ্রুত পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ৯ জন আবাসিককে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার পর থেকে হোটেলের মালিক পলাতক হলেও ম্যানেজারকে আটক করেছে পুলিশ।

এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। রাজ্য সরকারের গাফিলতিকে দায়ী করে সরব হয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি অভিযোগ করেন, বহু বছর ধরে অডিট না হওয়ায় একের পর এক বেআইনি গেস্টহাউস গজিয়ে উঠেছে। এমনকি আগুন নেভানোর যন্ত্রগুলো অকেজো ছিল এবং বিদ্যুতের ওভারলোডিংয়ের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।

তারাপীঠের পর মাত্র চব্বিশ ঘণ্টার ব্যবধানে নিউ মার্কেটের এই ঘটনায় সুরক্ষাবিধি মেনে চলা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে গেছে। স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহলের দাবি, দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *