মধ্যরাতে হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে কার্নিশে ঝুললেন বাংলাদেশি দম্পতি!
বার্তা ডেস্কঃ
কলকাতার একটি হোটেলে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অলৌকিকভাবে প্রাণ বাঁচালেন বাংলাদেশের ঢাকার বাসিন্দা সুমাই আখতার ও তাঁর স্বামী রেজাউল ইসলাম। রাত আনুমানিক ১টা ৪০ নাগাদ যখন অধিকাংশ অতিথি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, ঠিক তখনই হোটেলের কর্মীদের সতর্কবার্তায় তাঁদের ঘুম ভাঙে। দেখতে দেখতে পুরো ভবনটি ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং যে তলে তাঁরা অবস্থান করছিলেন সেখানেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে দিগ্বিদিক শূন্য হয়ে পড়েন ওই দম্পতি। আতঙ্কের সেই মুহূর্তে তিন তলার কার্নিশের গ্রিল আঁকড়ে ঝুলে থেকে জীবনের চরম ঝুঁকি নিয়ে অবস্থান করেন তাঁরা, যা নিচে থাকা প্রত্যক্ষদর্শীদের নজরে আসে।
নিচে থাকা স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ দমকল বাহিনীকে খবর দিলে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই দম্পতিকে নিচে লাফ দিতে বারণ করেন এবং সাহসিকতার সঙ্গে তাঁদের উদ্ধার করেন। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সুমাই জানান, উপর থেকে নামার সময় ভয়ে তাঁর শরীর কাঁপছিল এবং দমকলের সময়োচিত সাহায্য ছাড়া জীবন রক্ষা আসাম্ভব ছিল। সেই সঙ্গে অগ্নিকাণ্ডের আগে ঘরের এসি ও গিজারের খারাপ অবস্থা নিয়ে হোটেল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে ক্ষোভ ও তীব্র প্রশ্ন তোলেন তিনি। মধ্যরাতের এই ভয়াবহ অভিজ্ঞতা ও মর্মান্তিক স্মৃতির ধাক্কা কাটিয়ে উঠতে না পেরে এখনও গভীর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এই দম্পতি।