কলকাতার স্কুলে শৌচালয়ে পড়ুয়াকে সাপের কামড়, প্রশ্নের মুখে নিরাপত্তা!

বার্তা ডেস্কঃ

কলকাতার একটি প্রথম সারির বেসরকারি স্কুলের শৌচালয়ে তৃতীয় শ্রেণির এক পড়ুয়াকে সাপের কামড় দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাসোহারা হিসেবে মোটা অঙ্কের ফি নেওয়া হলেও স্কুল চত্বরে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে ক্ষুব্ধ অভিভাবক মহল। গত মঙ্গলবার ক্লাসের মাঝে শৌচালয়ে যাওয়ার সময় ওই খুদেকে সাপে কামড়ায়। পরিবারের দাবি, বিষয়টি তৎক্ষণাৎ স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও দ্রুত হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে, প্রিন্সিপাল সীমা সাপ্রুর পালটা দাবি, পড়ুয়াটি স্কুলে কিছু না জানিয়েই বাড়ি চলে গিয়েছিল এবং পরে পরিবার জানায়।

ঘটনার পরই হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন পড়ুয়ার সঙ্গে দেখা করেন প্রিন্সিপাল। তাঁর দাবি, চিকিৎসায় জানা গিয়েছে সাপটি নির্বিষ ছিল এবং ছাত্র বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। তবে কীভাবে স্কুল চত্বরে সাপ ঢুকল এবং কেন তা নজর এড়াল, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। এই বিপজ্জনক ঘটনার পর থেকেই বেসরকারি স্কুলগুলির নিরাপত্তা এবং পরিকাঠামো নিয়ে তীব্র আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে অভিভাবকদের মনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *