শিয়ালদহ-বহরমপুর রুটে বড় স্বস্তি, রেলের সিদ্ধান্তে খুশি নিত্যযাত্রীরা!
বার্তা ডেস্কঃ
যাত্রী স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিয়ে শিয়ালদহ–বহরমপুর ডিভিশনে ব্যাপক পরিকাঠামোগত উন্নয়ন শুরু করেছে ভারতীয় রেল। দীর্ঘদিন ধরে ভগবানগোলা স্টেশনে ছোট প্ল্যাটফর্মের কারণে এক্সপ্রেস ট্রেনগুলিকে দুইবার থামতে হত, যা যাত্রীদের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি করত। এই সমস্যার স্থায়ী সমাধানে ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ৩৫০ মিটার থেকে বাড়িয়ে ৩৮৫ মিটার করা হয়েছে এবং উঁচু করা হয়েছে। পাশাপাশি, বেলডাঙা, মুর্শিদাবাদ, ভাবতা, জিয়াগঞ্জ ও পীরতলা স্টেশনেও প্ল্যাটফর্ম সম্প্রসারণ, শেড নির্মাণ ও বসার বেঞ্চ তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
যাত্রীদের প্রতিদিনের ভিড় সামলাতে একাধিক নতুন সুবিধাও যুক্ত হচ্ছে এই রুটজুড়ে। ভগবানগোলায় ৩টি সাধারণ ও ১টি বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য বুকিং কাউন্টার এবং আধুনিক শৌচালয় তৈরির কাজ প্রায় শেষের পথে। বেলডাঙা স্টেশনে প্রথম শ্রেণীর ওয়েটিং হল সংস্কারের পাশাপাশি শেডের পরিধি বাড়ানো হচ্ছে। শিয়ালদহের ডিআরএম রাজীব স্যাক্সেনা জানিয়েছেন, ট্রেনের গতি বজায় রাখা ও স্টেশনগুলির আধুনিকীকরণের লক্ষ্যেই এই পদক্ষেপ। দীর্ঘদিনের সমস্যা দূর হওয়ায় এবং সার্বিক পরিষেবা উন্নত হতে চলায় সন্তোষ প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা।