সাংসদপুত্রের বেপরোয়া গাড়ির বলি ২৬ বছরের ভারতী!
বার্তা ডেস্কঃ
হায়দরাবাদের ব্যস্ত রাস্তায় বেপরোয়া গতির বিলাসবহুল ‘অ্যাস্টন মার্টিন’ গাড়ির মারাত্মক ধাক্কায় প্রাণ হারালেন ২৬ বছর বয়সী তরুণী ভারতী মুখী। নিহত তরুণী মাধাপুরের ইনঅরবিট মলের একটি পোশাকের দোকানে কাজ করতেন। গত ১৬ অগস্ট দুপুরে সহকর্মীর সঙ্গে খাবার খেয়ে দোকানে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে ধেয়ে আসা গাড়িটি তাঁকে সজোরে ধাক্কা মারে। গুরুতর চোট পেয়ে ঘটনাস্থলেই তাঁর প্রচুর রক্তপাত হয়। এরপর ওই গাড়িতে করেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চাঞ্চল্যকর বিষয় হলো, তদন্তে জানা গেছে দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন অন্ধ্রপ্রদেশের জনসেনা পার্টির রাজ্যসভার সাংসদ লিঙ্গামনেনি রমেশের ২১ বছর বয়সী ছেলে লিঙ্গামনেনি সঞ্জুষ।
সাইবরাবাদ পুলিশ তদন্তে নেমে নিশ্চিত করেছে যে গাড়িটি মারাত্মক বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। অভিযুক্ত সঞ্জুষের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং মাধাপুরের পুলিশ তাঁর বিরুদ্ধে আইনি নোটিস জারি করেছে। তবে আইনি বিধান অনুযায়ী ধারাটি জামিনযোগ্য এবং সর্বোচ্চ শাস্তি সাত বছরের কম হওয়ায় তাকে এখনই গ্রেফতার করা হয়নি। সাধারণ একজন কর্মজীবী তরুণীর এমন অকালমৃত্যু এবং প্রভাবশালী পরিবারের ছেলের নাম জড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহলেও তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে।