সততার অনন্য নজির, ভুলের টাকা ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন সামজাদ!
বার্তা ডেস্কঃ
ব্যাঙ্ক অ্যাকাউন্টে আচমকাই জমা পড়ল ৩,০০০ টাকা। মোবাইলের সেই মেসেজ দেখে চমকে উঠলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-২ ব্লকের খড়কাঠি গ্রামের শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ সামজাদ শেখ। টাকার পরিমাণ দেখে তিনি বুঝতে পারেন, এটি রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’র অনুদান, যা মূলত মহিলাদের পাওয়ার কথা। না চেয়ে পাওয়া সেই টাকা নিজের পকেটে না পুরে, তা সরকারকে ফেরত দিতে সটান বিডিও অফিসে পৌঁছে গেলেন তিনি।
পূর্বতন রাজ্য সরকারের আমল থেকেই প্রতিবন্ধী ভাতা পান সামজাদ। তবে ১৭ আগস্ট হুট করে অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা পড়ার পর তিনি বিন্দুমাত্র দেরি না করে স্থানীয় বিডিও অফিসে যান। আধিকারিকদের মোবাইলের মেসেজ দেখিয়ে স্পষ্ট জানিয়ে দেন, “আমি পুরুষ মানুষ, এই ভাতার জন্য আবেদনই করিনি। তাই এই টাকা পাওয়ার অধিকার আমার নেই।”
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সরকারি নিয়ম অনুযায়ী ট্রেজ়ারি চালানের মাধ্যমে টাকাটি পুনরায় সরকারি কোষাগারে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে ‘লক্ষ্মীর ভান্ডার’-এর টাকা পুরুষদের অ্যাকাউন্টে যাওয়ার ঘটনা সামনে এলেও, অনিচ্ছাকৃতভাবে পাওয়া টাকা সততার সঙ্গে ফিরিয়ে দিয়ে এলাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এই ‘পুরুষ অন্নপূর্ণা’।