কেষ্টপুরে লরির ধাক্কায় প্রাণ হারালেন প্রৌঢ়, ভিআইপি রোডে তুমুল উত্তেজনা!

বার্তা ডেস্কঃ

কেষ্টপুরে ভিআইপি রোডে অ্যাপ-নির্ভর বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক প্রৌঢ়। মঙ্গলবার রাতে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাইকচালক। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়, পুলিশকে ঘিরে বিক্ষোভের পাশাপাশি চলে ইটবৃষ্টি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাজা রথি (৬৫)। তিনি বাগুইআটির নারায়ণতলা এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাতে তিনি কলকাতা মহর্ষি দেবেন্দ্র রোডের বাসিন্দা শিবেশ ঝাঁ (২৩)-র চালিত অ্যাপ বাইকে করে বাড়ি ফিরছিলেন। ভিআইপি রোডের কেষ্টপুর এলাকায় রাস্তার ওপর থাকা গার্ডরেল পাশ কাটানোর সময় দ্রুতগামী একটি লরি বাইকটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। ছিটকে পড়েন দুজনই। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়ের, আর আশঙ্কাজনক অবস্থায় শিবেশকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করানো হয়।

দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাস্তার ওপর অপরিকল্পিত ব্যারিকেড এবং ট্রাফিক পুলিশের নজরদারির অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের সঙ্গে স্থানীয়দের তুমুল বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুটা সময় ভিআইপি রোডে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়। ঘাতক লরির চালককে আটক করেছে পুলিশ এবং দুর্ঘটনার গতি ও কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *