লেকের মিষ্টি জলে লুকিয়ে ঘাতক অ্যামিবা, শিশুর মৃত্যুতে আতঙ্ক!

বার্তা ডেস্কঃ

জন্মদিনের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হলো এক পরিবারের। লেকের জলে সাঁতার কাটতে নেমে ‘ব্রেন-ইটিং অ্যামিবা’ নামে পরিচিত অত্যন্ত বিরল ও মারণ জীবাণুর সংক্রমণে প্রাণ হারাল ৮ বছরের এক শিশু। আমেরিকার লুইসিয়ানার ঘটনাটি ঘটে লেক ক্লাইবর্নে। মৃত শিশুর নাম লিলিয়ান স্মার্ট। চিকিৎসকরা জানিয়েছেন, ‘নিগ্লেরিয়া ফাউলেরি’ নামক বিশেষ এক ধরনের অ্যামিবার আক্রমণে শিশুটির মস্তিষ্কে মারাত্মক ফোলাভাব ও গুরুতর ক্ষতি তৈরি হয়েছিল। লুইসিয়ানা ডিপার্টমেন্ট অফ হেলথ নিশ্চিত করেছে যে, সেই মিষ্টি জলের লেকে নামার পর নাকের পথ দিয়ে এই জীবাণু তার মস্তিষ্কে প্রবেশ করে এবং প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (পিএএম) নামক মারাত্মক সংক্রমণের সৃষ্টি করে।

বিশেষজ্ঞদের মতে, এই অতি ক্ষুদ্র অ্যামিবা সাধারণত উষ্ণ মিষ্টি জলে বাস করে এবং নাক দিয়ে প্রবেশ করলেই কেবল মস্তিষ্কে পৌঁছায়। তবে দূষিত জল পান করলে বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ ছড়ায় না। সাধারণত সংক্রমণের পাঁচ দিন পর থেকে তীব্র মাথাব্যথা, জ্বর, বমি, ঘাড় শক্ত হওয়া ও খিঁচুনির মতো উপসর্গ দেখা দিতে শুরু করে। চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী এই রোগটি অত্যন্ত বিরল হলেও এর মৃত্যুহার প্রায় ৯৭ শতাংশ। জলাশয়ে এই অ্যামিবার উপস্থিতি আগে থেকে বোঝার মতো সহজ কোনো পরীক্ষা না থাকায়, এমন লেকে সাঁতার কাটার বিপদ এড়িয়ে চলাই শ্রেয় বলে স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *