ঝোড়ো হাওয়ায় কাঁপছে দক্ষিণবঙ্গ, আজ আবহাওয়া কি আরও বিগড়াবে?

বার্তা ডেস্কঃ

বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ বিদায় নেওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর ভারী বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। আজ বুধবার শহরের আকাশ মূলত মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে এক-দু’দফা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি বেশ খানিকটা আলাদা। আজ উত্তরের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার জেলার এক-দু’টি জায়গায় আজ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার কলকাতায় ৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সামগ্রিকভাবে নিম্নচাপের সরাসরি প্রভাব কাটলেও এখনই পুরোপুরি বৃষ্টিহীন হচ্ছে না বাংলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *