রোদে দাঁড় করিয়ে শাস্তি, ছাদ থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারাল একাদশ শ্রেণির ছাত্র!
বার্তা ডেস্কঃ
শাস্তির নামে চরম অপমানের জেরে একাদশ শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হরিয়ানার ফরিদাবাদে। ঘটনাটি ঘটেছে ডাবুয়া থানা এলাকার গাজিপুর রোডের একটি বেসরকারি স্কুলে। মৃতের পরিবারের দাবি, টানা চার ঘণ্টা কড়া রোদের মধ্যে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রেখে ওই ছাত্রকে মানসিক নির্যাতন করা হয়েছিল।
এই চরম অপমান ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে কিশোরটি শেষ পর্যন্ত স্কুল ভবনের তিনতলার ছাদ থেকে নিচে ঝাঁপ দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই স্কুল চত্বরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে স্কুলের শিক্ষক ও কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছাত্রটি কীভাবে ছাদে পৌঁছাল, তা নিশ্চিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।