৩০ হাজারের জুতো থেকে বিলাসবহুল বিদেশযাত্রা, নেতার ‘ফান্ডিং’ নিয়ে শোরগোল!
বার্তা ডেস্কঃ
নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে সোচ্চার হওয়া ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নিজের ও দলের অর্থের উৎস নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। মুম্বই প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যখন তাঁকে দলীয় অর্থায়ন, ঘনঘন দেশ-বিদেশ ভ্রমণ ও যাতায়াতের বিপুল খরচের উৎস নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি পাল্টা প্রশ্ন তুলে তা এড়িয়ে যান। এমনকি তাঁর পরনের প্রায় ৩০ হাজার টাকা দামের জুতো এবং আমেরিকা সফর নিয়ে ওঠা প্রশ্নের জবাবে দীপকে জানান, নিজের সামর্থ্য রয়েছে বলেই তিনি এসব ব্যবহার ও ভ্রমণ করেন; এতে তাঁর কোনো লজ্জা নেই। তবে এই দীর্ঘ রাজনৈতিক কর্মসূচির পেছনে ঠিক কোথা থেকে ফান্ড আসছে—কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সংস্থার নাম তিনি স্পষ্ট করেননি, যার ফলে অর্থায়নের স্বচ্ছতা নিয়ে বিতর্ক আরও উসকে উঠেছে।
অন্যদিকে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে মুম্বইয়ের শিবাজি পার্কে CJP-র নির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে তীব্র জটিলতা তৈরি হয়েছে। অনুমতি না থাকা, যানজট ও শব্দদূষণের আশঙ্কায় মুম্বই পুলিশ মাঠে সমাবেশের অনুমতি দেয়নি। এর জবাবে অভিজিৎ দীপকে ‘জেল ভরো আন্দোলন’-এর ডাক দিয়েছেন এবং পরবর্তীতে দিল্লি সহ একাধিক রাজ্যে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। একদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার ঘোষণা, আর অন্যদিকে দলের অর্থায়নের উৎস গোপন রাখার চেষ্টা—সব মিলিয়ে সিজেপি প্রধানের অবস্থান রাজনৈতিক মহলে এখন চরম আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।