পুজোর আগেই সুখবর, পার্শ্বশিক্ষকদের বেতন বাড়ল একধাক্কায়!
বার্তা ডেস্কঃ
পুজোর মুখে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক, পার্শ্বশিক্ষক এবং বৃত্তিমূলক প্রশিক্ষকদের জন্য বিরাট সুখবর শোনাল পশ্চিমবঙ্গ সরকার। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানানোর পর অবশেষে উৎসবের মরশুমের শুরুতেই বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। ১ অক্টোবর থেকেই কার্যকর হচ্ছে এই নতুন বেতনের হার।
বৃত্তিমূলক প্রশিক্ষকদের বেতন বৃদ্ধি
কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের অধীনে থাকা কেন্দ্রের সহায়তাপ্রাপ্ত প্রকল্পের বৃত্তিমূলক প্রশিক্ষকদের মাসিক পারিশ্রমিক ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে ২২,০০০ টাকা করা হলো।
- একধাক্কায় বেতন বাড়ল ২,০০০ টাকা।
- নতুন এই ২২ হাজার টাকার মধ্যে অন্তর্ভুক্ত থাকছে পিএফ (PF), ইএসআই (ESI) সহ যাবতীয় সরকারি সুবিধা।
- অর্থ দফতরের সম্মতিতে কারিগরি শিক্ষা দফতর ইতিমধ্যে এই নির্দেশিকা জারি করেছে।
একনজরে পার্শ্বশিক্ষক ও অন্যান্য শিক্ষাকর্মীদের বর্ধিত বেতন
স্কুল শিক্ষা দফতরের প্ল্যানিং অ্যান্ড বাজেট শাখার প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের বহু চুক্তিভিত্তিক শিক্ষক ও পার্শ্বশিক্ষকদের বেতন ৫,০০০ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। মন্ত্রিসভা ও রাজ্যপালের অনুমোদনের পর এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
কার নতুন বেতন কত হলো?
- প্রাথমিক স্তরের প্যারা টিচার ও এসএসকে (SSK) সহায়িকা: ১১,৯৪১ টাকা থেকে বেড়ে ১৬,৯৪১ টাকা (বাড়ল ৫,০০০ টাকা)।
- উচ্চ প্রাথমিক প্যারা টিচার ও এমএসকে (MSK) শিক্ষক: ১৫,৫২৩ টাকা থেকে বেড়ে ২০,৫২৩ টাকা (বাড়ল ৫,০০০ টাকা)।
- পার্ট-টাইম উচ্চমাধ্যমিক শিক্ষক: নতুন বেতন ২০,২১৮ টাকা।
- স্পেশাল এডুকেটর: নতুন বেতন ১৯,৯২৪ টাকা।
- অ্যাকাডেমিক সুপারভাইজার: নতুন বেতন ১৮,৭৮১ টাকা।
- পিএ-কম-ডিইও (PA-cum-DEO): নতুন বেতন ১৯,৭৭৪ টাকা।
- শিক্ষাবন্ধু: নতুন বেতন ১৪,৯৫৪ টাকা।
প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের বেতন একধাক্কায় ৬,০০০ টাকা বৃদ্ধি
- মুখ্য শিক্ষক (Head Teacher): বেতন বাড়িয়ে করা হলো ২২,১৭৮ টাকা।
- ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজার: নতুন বেতন ২৫,৬৯২ টাকা।
- ম্যানেজমেন্ট স্টাফ: বর্তমান বেতনের ওপর নির্ভর করে তিনটি আলাদা ধাপে বেতন বাড়ানো হয়েছে।
উৎসবের ঠিক মুখেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত হাজার হাজার শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষাকর্মীদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে।