পিনারাই বিজয়নের বিরুদ্ধে এফআইআর, কেরলের রাজনীতিতে বড় ধাক্কা!
বার্তা ডেস্কঃ
কেরলে পালাবদলের পর এবার আর্থিক অনিয়ম ও ঘুষ কাণ্ডে বিপাকে পড়লেন প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর পরিবার। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল) মামলায় প্রবীণ সিপিএম নেতা বিজয়ন, তাঁর মেয়ে টি বীণা এবং জামাই পি এ মহম্মদ রিয়াসের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে কেরল হাই কোর্ট। আদালত জানিয়েছে, বিজয়ন মুখ্যমন্ত্রী থাকাকালীন আইটি পরামর্শ সংক্রান্ত পরিষেবার নামে তাঁর কন্যার বন্ধ হয়ে যাওয়া কো ম্পা নি ‘এক্সালজিক সলিউশনস’-কে ২ কোটি ৭৮ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এই আর্থিক লেনদেনে যথেষ্ট অস্বচ্ছতা ও বেনিয়ম রয়েছে বলে মনে করছে আদালত।
শুক্রবার কেরল হাই কোর্টের বিচারপতি এ বদরুদ্দিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র পেশ করা তথ্যপ্রমাণ ও রিপোর্টের ভিত্তিতে আলাদা করে কোনও প্রাথমিক তদন্তের প্রয়োজন নেই। সরাসরি দুর্নীতি প্রতিরোধ আইন এবং অন্যান্য সংশ্লিষ্ট ধারায় এই মামলায় এফআইআর দায়ের করতে হবে। এর আগে ইডি এই দুর্নীতি মামলায় রাজ্য পুলিশের ডিজির কাছে এফআইআর দায়েরের আবেদন জানালেও তা নিয়ে গড়িমসি চলছিল। হাই কোর্টের এই কঠোর নির্দেশ এবং আইনি পদক্ষেপে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অস্বস্তি ও রাজনৈতিক চাপ যে বহুলাংশে বৃদ্ধি পেল, তা বলাই বাহুল্য।