৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় অশোকনগরে ভয়াবহ তাণ্ডব!

বার্তা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় এলাকায় পুজোর চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম কান্ড ঘটে গেল। স্থানীয় একটি ক্লাবের নতুন কমিটির কর্তাদের দাবিমতো ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করায় এক পরিবারের ওপর চড়াও হয়ে মারধর ও মহিলাদের অশালীন হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দীপেন্দু আচার্যের দাবি, বছর দুয়েক আগে এলাকায় বাড়ি কেনা নিয়ে ক্লাবের সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়েছিল। সম্প্রতি বাবলি ভদ্র ও গোবিন্দ দাস নামে ক্লাবের দুই কর্তা তাঁর বাড়িতে গিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয় এবং বাঁচাতে আসা স্ত্রী ও শাশুড়ির ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয়। এমনকি ঘটনার ভিডিয়ো তুলতেও বাধা দেওয়া হয়।

এই ন্যাক্কারজনক ঘটনার পর আক্রান্ত পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিশের কাছে প্রাথমিক জেনারেল ডায়েরি হওয়ার পর সমস্ত অভিযোগ একবাক্যে অস্বীকার করেছেন অভিযুক্ত ক্লাবকর্তা বাবলি ভদ্র। তাঁর পাল্টা দাবি, চাঁদা চাইতে গেলে গৃহকর্তাই প্রথমে অশালীন গালিগালাজ করেন, সেখান থেকেই বাকবিতণ্ডা তৈরি হয়। ক্লাবের পক্ষ থেকে কোনো মারধর, মহিলাদের হেনস্তা কিংবা ৫০ হাজার টাকা দাবি করা হয়নি বলেও তিনি দাবি করেছেন। পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার বিবরণ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে, অন্যদিকে ক্লাবের তরফে বিষয়টিকে ঘরোয়াভাবে মিটিয়ে নেওয়ার কথা জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *