গ্রেফতারির ৪ মাস পর বড় স্বস্তি সব্যসাচীর, আদালতের কোন নির্দেশে কাটল সব বাধা!

বার্তা ডেস্কঃ

তোলাবাজির চাঞ্চল্যকর মামলায় অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন তৃণমূল নেতা তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। গত ৮ জুন এক ব্যবসায়ীর থেকে মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। ওই ব্যবসায়ীর দাবি, তাঁর কাছে এক কোটি টাকা চাওয়া হয়েছিল এবং বাধ্য হয়ে তিনি ২ লক্ষ ৩০ হাজার টাকা পাঠান। সেই ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি চালানোর পর তৃণমূলের এই প্রভাবশালী নেতাকে হেফাজতে নেয় পুলিশ। প্রায় চার মাস জেলবন্দি থাকার পর উৎসবের মরশুমে অবশেষে মিলল আইনি স্বস্তি।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস শর্তসাপেক্ষে সব্যসাচীর এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। ২০১৮ সালের একটি পুরানো তোলাবাজির মামলার প্রেক্ষিতেই আদালতের এই সিদ্ধান্ত। শুনানি চলাকালীন আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তদন্তপ্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতার শর্তেই বিধাননগরের প্রাক্তন মেয়রকে জামিন দেওয়া হচ্ছে। দীর্ঘ চার মাস পর জামিন পাওয়ায় স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁর অনুগামীরা। রাজ্য রাজনীতিতেও এই ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *