কাশ্মীর নিয়ে মুখ খুলেই বিপাকে পাক বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর, বিমানবন্দরেই চলল দীর্ঘ জেরা!

বার্তা ডেস্কঃ

পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে সোচ্চার হওয়ায় বিপাকে পড়লেন ব্রিটিশ লেবার পার্টির কাউন্সিলর ও রশাডেল বোরো কাউন্সিলের ডেপুটি নেতা দালাত আলি। নিজের লেখায় পাকিস্তানকে ‘দখলদার শক্তি’ হিসেবে উল্লেখ করার পরই তাঁকে পাকিস্তানে আটকানোর ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গত ২৮ অক্টোবর তাঁর দেশে ফেরার বিমান ধরার কথা থাকলেও তাঁকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়। মতপ্রকাশের স্বাধীনতায় বাধা এবং রাজনৈতিক ভীতি প্রদর্শনের এই ঘটনায় ব্রিটেন সরকারের পক্ষ থেকে অবিলম্বে পাক প্রশাসনের কাছে পূর্ণ ব্যাখ্যার দাবি জানানো হয়েছে।

বর্তমানে পাক অধিকৃত কাশ্মীরে লাগাতার তীব্র বিক্ষোভ, ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা এবং সাংবাদিকদের ওপর কড়াকড়ির জেরে পরিস্থিতি ইতিমধ্যেই উত্তপ্ত। এর মধ্যেই দালাত আলির আটকের ঘটনা সেই অসন্তোষকে আরও উসকে দিয়েছে। এদিকে ব্রিটিশ লেবার পার্টির অপর নেতা ইমরান হুসেন আলিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন। পাশাপাশি, ভারতীয় মানবাধিকার কর্মী আজহার আহমেদও এই স্বেচ্ছাচারিতার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সবমিলিয়ে, কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাক প্রশাসনের এই পদক্ষেপ আন্তর্জাতিক স্তরে এক নতুন কূটনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *