ওয়েবসাইট খুললেই হ্যাক হতে পারে স্মার্টফোন, চুরি যাচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট ও পাসওয়ার্ড!
আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করে এক বিপজ্জনক সাইবার হ্যাকিং চক্রের সন্ধান দিয়েছেন গবেষকরা। সাইবার নিরাপত্তা সংস্থা Sekoia-র রিপোর্ট অনুযায়ী, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক বা ফাইল ডাউনলোড না করেই শুধু কিছু নির্দিষ্ট ক্ষতিকারক ওয়েবসাইটে প্রবেশ করলেই ডিভাইস হ্যাক হয়ে যেতে পারে। এই ‘জিরো-ক্লিক অ্যাটাক’-এ আসল সাইটে ক্ষতিকর কোড বসানো, পরিচিত প্রতিষ্ঠানের নকল ভার্সন তৈরি এবং ট্র্যাকিং টুল Plerdy-তে সিধ কেটে সাইবার হামলা চালানো হয়েছে। হ্যাকাররা আমেরিকা ও ব্রিটেনের সরকারি ওয়েবসাইটের অনুকরণে ভুয়ো সাইট তৈরি করে মূলত প্রভাবশালী ব্যক্তি ও সাধারণ ব্যবহারকারীদের নিশানা করছিল। রাশিয়ার গোয়েন্দা সংস্থা SVR-এর সাথে এই হামলার সম্ভাব্য যোগসূত্রের কথা অনুমান করছেন গবেষকরা।
ডিভাইসে থাকা নিরাপত্তাজনিত দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যাট, টেক্সট মেসেজ, সেভ করা পাসওয়ার্ড, ছবি, লোকেশন এবং ব্রাউজিং হিস্ট্রি হাতিয়ে নিচ্ছে। আইফোনে তথ্য চুরির জন্য ‘DarkSword’ নামের একটি বিশেষ টুল ব্যবহার করা হয়েছে এবং অ্যান্ড্রয়েড থেকে ওয়াই-ফাই পাসওয়ার্ডসহ ক্রোম ব্রাউজারের ডেটা চুরির চেষ্টা চালানো হয়েছে। তবে স্বস্তির খবর হলো, অ্যাপল এবং গুগল ইতিমধ্যে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই নিরাপত্তা ত্রুটিগুলোর সমাধান করেছে। ফলে হ্যাকিংয়ের ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের অবিলম্বে নিজেদের ফোন ও গুগল ক্রোম ব্রাউজার সর্বশেষ সফটওয়্যার ভার্সনে আপডেট করার এবং অচেনা ওয়েবসাইটে প্রবেশের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।