আজ ধনতেরাসে সোনাদানা কেনাকাটার শুভ মুহূর্ত, জেনে নিন সময়সূচি
শুক্রবার দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ধনতেরাস। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ভগবান ধন্বন্তরী, দেবী লক্ষ্মী ও কুবেরের পুজো করা হয়। শুভক্ষণে পুজো ও কেনাকাটা করলে সংসারে সুখ, সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পায় বলেই মানা হয়। ত্রয়োদশী তিথি ৬ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে ৭ নভেম্বর সকাল ১০টা ৪৭ মিনিট পর্যন্ত চলবে। তবে প্রদোষকালে পুজোর শুভ সময় থাকায় শুক্রবারই পালিত হচ্ছে এই উৎসব। কলকাতায় পুজোর উপযুক্ত সময় বিকেল ৫টা ২৮ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২৬ মিনিট পর্যন্ত।
ধনতেরাসের দিনে সোনা, রুপো, বাসনপত্র, লক্ষ্মী-গণেশের মূর্তি, ঝাড়ু, গাড়ি ও ইলেকট্রনিক জিনিস কেনা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। কেনাকাটার জন্য শুভ সময় সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৪ মিনিট, বিকেল ৩টে ৩২ মিনিট থেকে ৪টে ৫৬ মিনিট এবং রাত ৮টা ৮ মিনিট থেকে ৯টা ৪৪ মিনিট পর্যন্ত। বিশেষ করে সোনা-রুপো কেনার অভিজিৎ মুহূর্ত হলো সকাল ১১টা ৪৮ মিনিট থেকে দুপুর ১২টা ৫৬ মিনিট। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনে লোহা ও ধারাল বস্তু কেনা এড়িয়ে চলাই শ্রেয়।